খুলনায় ১৪ সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বাবলম্বিতার ওপর জোর
বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা
এস এম শাহরিয়ার
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডের নারীদের এ ধরনের কর্মসূচির আওতায় আনা হবে।
বুধবার সকালে নগরীর নিরালা আবাসিক এলাকায় বেসরকারি সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের কার্যালয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরিদ্র মানুষের আয়বৃদ্ধিমূলক দর্জিবিজ্ঞান কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে ১৪ জন নারীর মাঝে ১৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সরকারের সঙ্গে সমন্বয় রেখে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে গেলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ত্বরান্বিত হবে। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজেদের আয়ের পথ তৈরি করতে পারবেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে কেসিসির পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকেও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা, জেলা উপআঞ্চলিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন এবং কেসিসির সাবেক কাউন্সিলর শমসের আলী মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সহকারী পরিচালক বনশ্রী ভান্ডারী।
এর আগে কেসিসি প্রশাসক নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বায়তুল ঈমান জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের উদ্বোধন করেন। খুলনা সিটি কর্পোরেশন ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় ঈদগাহটির আধুনিকায়ন করা হয়েছে। এ সময় তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন নগরবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে তিনি নিরালা পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং নগরবাসীর জন্য আরও আধুনিক বিনোদন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কেসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: