রংপুরে মাদক-জুয়া দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার
রংপুর
নিজস্ব প্রতিবেদক
রংপুরে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে এ সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশি কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল ও উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। রংপুর জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত নানা চ্যালেঞ্জ, গণমাধ্যমের স্বাধীনতা এবং জেলার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: