মোংলায় ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বাদাবন সংঘের বৃক্ষরোপণ


 
বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা

এস এম শাহরিয়ার


মোংলায় ম্যানগ্রোভ পুনরুদ্ধারে বাদাবন সংঘের বৃক্ষরোপণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, উপকূলীয় পরিবেশের সহনশীলতা বাড়ানো এবং সুন্দরবন সংলগ্ন এলাকার জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে মোংলায় ম্যানগ্রোভের চারা রোপণ করেছে বাদাবন সংঘ।

বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা উপজেলার বাঁশতলা ব্রিজসংলগ্ন চর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় নেতা এবং মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা জিয়ার শেখ, পরিবেশকর্মী মেহেদী হাসান, বাদাবন সংঘের নাজমিরা জুঁই ও নাঈম হাসান। কর্মসূচিতে স্থানীয় নারী মৎস্যজীবী, কমিউনিটির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি নদীভাঙন মোকাবিলা, কার্বন শোষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ম্যানগ্রোভের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হলে সুন্দরবনসংলগ্ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মানুষের টেকসই জীবিকার সুযোগও তৈরি হবে। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি এই কর্মসূচিকে সফল করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরবনের জিউধরা স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ শাহাদাত হোসেন বলেন, উপকূলকে দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা করতে ব্যাপক বনায়নের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুন্দরবন সংরক্ষণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে বাদাবন সংঘের প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার বলেন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে সফল করা কঠিন। বিশেষ করে নারী মৎস্যজীবীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করে সুন্দরবনসংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে কাজ করছে বাদাবন সংঘ।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের এ উদ্যোগ ভবিষ্যতে উপকূলের পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office (FCDO)-এর সহায়তায় OCEAN Community Fund-এর অর্থায়নে পরিচালিত ‘Mangrove Restoration’ প্রকল্পের আওতায় মোংলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাদাবন সংঘ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন