মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরে কাঠালী মন্ডল পাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ: হামলা, মারপিট ও স্বর্ণের দুল ছিনতাইয়ের অভিযোগ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, মারপিট, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের কাঠালী মন্ডলপাড়া গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালী মন্ডলপাড়া গ্রামের মৃত সচীন চন্দ্রের ছেলে শ্রী বিকাশ চন্দ্রের (৪১) সাথে পৈতৃক ও কবলা খরিদকৃত জমি নিয়ে স্থানীয় নরেন্দ্রনাথ বর্মনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকেল আনুমানিক ৫টার দিকে নরেন্দ্রনাথ বর্মন ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও কোঁদাল নিয়ে বিকাশের ভোগদখলীয় জমিতে অনধিকার প্রবেশ করেন।
এ সময় বিকাশ চন্দ্র জমিতে যাওয়ার প্রতিবাদ করলে অভিযুক্ত নরেন্দ্রনাথ বর্মনের হুকুমে নন্দন কুমার রায়সহ অন্য সহযোগীরা বিকাশ চন্দ্র ও তাঁর স্ত্রী পুতুল রানীকে এলোপাতাড়ি মারপিট করেন। হামলায় স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে অভিযুক্তরা পুতুল রানীর শ্লীলতাহানি করে এবং তাঁর কান থেকে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একজোড়া স্বর্ণের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ আহমেদ জানান, "এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
