ঠাকুরগাঁওয়ে সাপের দংশনে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, কোলে এক মাসের শিশু


সিয়ামুর রশিদুল, স্টাফ রিপোর্টার



ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এলাকায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে সাপের দংশনে রঞ্জনা রায় (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রঞ্জনা রায় নিজ বাড়ির ঘর মাটি দিয়ে লেপনের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে ঘরের কোণে থাকা একটি গর্ত পরিষ্কার করতে গিয়ে তার ডান হাতের আঙুলে বিষধর সাপ দংশন করে। প্রথমে পরিবার লোকজন তাকে স্থানীয় ঔঝার কাছে নিয়ে চিকিৎসা করার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে দুপুর ১২টার দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত্যুকালে রঞ্জনা রায় এক মাস বয়সী একটি শিশুকে রেখে গেছেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার ও গ্রামবাসী শিশুটিকে দেখেই চোখের জল ফেলছেন।


স্থানীয় এক প্রতিবেশী জানান, “রঞ্জনা খুব ভালো মনের মানুষ ছিলেন। ঘরে দুর্গাপূজার প্রস্তুতি নিতে গিয়ে যে এভাবে প্রাণ হারাবেন, তা কল্পনাও করিনি।”


এ বিষয়ে হাসপাতালের একজন চিকিৎসক বলেন, “রোগীকে হাসপাতালে আনার আগেই তার অবস্থার অবনতি ঘটে। বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা আর তাকে বাঁচাতে পারিনি।”


হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের অনেকেই জানান, দুর্গাপূজার আনন্দকে ছাপিয়ে এখন চারদিকে শোকের আবহ বিরাজ করছে।



---

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন