তরুণ সাংবাদিকদের সাহসের সঙ্গে সত্য প্রকাশের আহ্বান আইনমন্ত্রীর


 বিভাগীয় ব্যুরো প্রধান,খুলনা

এস এম শাহরিয়ার

তরুণ সাংবাদিকদের সাহসের সঙ্গে সত্য প্রকাশের আহ্বান আইনমন্ত্রীর

তরুণ সাংবাদিকদের কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।


সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।


আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা কেবল কোনো ঘটনা বা তথ্য মানুষের সামনে তুলে ধরার কাজ নয়। এর সঙ্গে মানুষের অধিকার, জনস্বার্থ, সামাজিক সমস্যা ও দেশের উন্নয়নের বিষয়ও সম্পৃক্ত। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।


তিনি বিশেষ করে তরুণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাগত জীবনে সত্যের পথে অবিচল থাকতে হবে। কোনো চাপ, ভয় কিংবা প্রতিবন্ধকতা যেন সত্য ও সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। মানুষের কল্যাণে সঠিক তথ্য তুলে ধরাই সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব।


মন্ত্রী আরও বলেন, সমাজের মানুষের সমস্যা, অধিকার ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।


মতবিনিময়ের আগে খুলনা প্রেসক্লাবের অবকাঠামো ও পরিবেশ ঘুরে দেখেন আইনমন্ত্রী। এ সময় তিনি প্রেসক্লাবের পরিবেশ ও সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের প্রশংসা করেন।


পরে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলনসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ছাড়া মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি আবু তৈয়ব মুন্সী, সাধারণ সম্পাদক এএইচএম শামীমুজ্জামান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।


এর আগে এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও খুলনা ওয়াসার চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ সময় নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন