কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ৭ প্রার্থী


মো. জোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


দীর্ঘ প্রতীক্ষার পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের উদ্যোগে জেলার রাজনৈতিক অঙ্গনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা ও আশাবাদ।

এবারের সম্মেলনে জেলা সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন প্রার্থী— মো. শরীফুল আলম ও রুহুল হোসাইন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। তারা হলেন: মাজহারুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইর, সাইফুল ইসলাম সুমন, ওমর ফারুক, সাজ্জাদুল হক ও শফিকুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কেন্দ্রীয় বিএনপি থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছেন। ব্যানার, সভা, প্রচারপত্র ও কর্মী সমাবেশের মাধ্যমে চলছে প্রচারণা। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হাড্ডাহাড্ডি।

স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী, এই সম্মেলনের মধ্য দিয়ে একটি দক্ষ ও সংগঠিত নেতৃত্ব গড়ে উঠবে, যারা আগামীর রাজনীতিতে কিশোরগঞ্জ জেলা বিএনপিকে এগিয়ে নিতে পারবেন বলিষ্ঠভাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্মেলনটি কেবল নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং দলকে সাংগঠনিকভাবে পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন