কিশোরগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম



মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

স্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।


নিজের লিখিত বক্তব্যে মাজহারুল ইসলাম বলেন, “দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি। বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এই কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও উন্নত বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “দলীয় মনোনয়ন পেলে কিশোরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাবো। রাজনীতি আমার জন্য কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম।”

মাজহারুল ইসলাম তার দীর্ঘ রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, “১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির প্রতিটি আন্দোলনে আমি রাজপথে ছিলাম। শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে মামলা, নির্যাতন ও জেল-জুলুম সই করেও জনগণের পাশে থেকেছি। আমার এই প্রার্থীতা জনগণের ভালোবাসা ও সংগ্রামের ধারাবাহিকতার প্রতিফলন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান, মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক , এ.কে.এম শফিকুল হক শফিক সভাপতি হোসেনপুর পৌর বিএনপি,বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক সহ জেলা ছাত্রদল ,যুবদলও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিল৷

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুল আলম,এবং কিশোরগঞ্জ সদর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস ইসলাম।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা মাজহারুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার প্রার্থীতা ঘোষণাকে কিশোরগঞ্জে বিএনপির নতুন উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন