দিনাজপুরের ঐতিহ্যের নতুন প্রতীক: শহরে নির্মিত হলো ‘লিচু চত্বর’


সিয়ামুর রশিদ,স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ 


দিনাজপুর শহরের সৌন্দর্য ও কৃষিভিত্তিক পরিচয়কে নতুনভাবে তুলে ধরতে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘লিচু চত্বর’। চাল, আম ও লিচুর জন্য দেশজুড়ে পরিচিত দিনাজপুর জেলার ঐতিহ্যকে ধারণ করে এই চত্বরটি ইতোমধ্যে নগরবাসীর দৃষ্টি কেড়েছে। বর্তমানে সব ধরনের নির্মাণকাজ শেষ হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে নির্মিত এই চত্বরে স্থাপন করা হয়েছে বিশালাকৃতির লিচুর ভাস্কর্য, যা দিনাজপুরের অন্যতম প্রধান অর্থকরী ফল লিচুর ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। সাদা বেদির ওপর শিল্পসম্মতভাবে নির্মিত ভাস্কর্যটি শহরের নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও কৃষিভিত্তিক পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনাজপুরের লিচু শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেছে। সেই লিচুকে কেন্দ্র করে এমন একটি স্থাপনা নির্মাণে তারা গর্বিত। অনেকেই মনে করছেন, এই চত্বর দিনাজপুর শহরের একটি নতুন ল্যান্ডমার্কে পরিণত হবে এবং পর্যটকদের আকর্ষণ বাড়াবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের সৌন্দর্যবর্ধন ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এর আশপাশে আলোকসজ্জা ও বসার ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, দ্রুত উদ্বোধনের মাধ্যমে ‘লিচু চত্বর’ দিনাজপুর শহরের গর্ব ও পরিচয়ের একটি স্থায়ী প্রতীক হয়ে উঠবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন