খুলনায় জাতীয় ভোটার দিবস ঘিরে প্রস্তুতি সভা


 ব্যুরো প্রধান: খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার,


আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।


এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি”।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, দিবসটির মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করা। একজন নাগরিকের বয়স ১৬ বছর পূর্ণ হলে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করা যায়। সঠিক তথ্যের ভিত্তিতে নতুন ভোটারদের ডাটাবেজ প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নিবন্ধন প্রক্রিয়ায় যেন কোনো রোহিঙ্গা নাগরিক তালিকাভুক্ত হতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।


তিনি আরও বলেন, সরকারি দপ্তরগুলো নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করবে। স্কুল-কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের উদ্বুদ্ধ করার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে মসজিদভিত্তিক প্রচারে খুতবার আগে এ বিষয়ে সচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়।


সভায় জানানো হয়, ২ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে দিবসের উদ্বোধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সোয়া ১১টায় সম্মেলনকক্ষে আলোচনা সভা এবং নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।


সভায় ফয়সল কাদের, মো. সোহেল সামাদ, আব্দুল্লাহ আল-মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন