রমজানকে সামনে রেখে ফুলপুরে বাজার মনিটরিং, ৩ মামলায় জরিমানা ৪ হাজার
পবিত্র রমজানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসময় ৩ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিনি, তেল, ডাল, ছোলা ও মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হয়। মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রি না করা ও তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মামলায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার মনিটরিং অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের সাথে ফুলপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: