ভেনেজুয়েলায় দুই শতাধিক রাজনৈতিক বন্দির অনশন


 ভেনেজুয়েলায় ২ শতাধিক রাজনৈতিক বন্দি মুক্তির দাবিতে অনশন শুরু করেছেন। নতুন ক্ষমা আইন থেকে তাদের অনেককে বাদ দেওয়ায় তারা এ কর্মসূচি নিয়েছেন। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


বৃহস্পতিবার দেশটির কংগ্রেসে ক্ষমা আইনটি পাস হয়। ৩ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও আটক করার পর যুক্তরাষ্ট্রের উৎসাহে একগুচ্ছ সংস্কারের অংশ হিসেবে এ আইন আনা হয়।


কারাকাসের উপকণ্ঠে অবস্থিত রোডিও ১ কারাগারে শুক্রবার রাতে অনশন শুরু হয়। বন্দিদের অভিযোগ, সামরিক সংশ্লিষ্ট মামলাগুলো আইন থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ এ কারাগারে এমন মামলাই বেশি।


বন্দি নাহুয়েল আগুস্তিন গালোর শাশুড়ি ইয়ালিতজা গার্সিয়া বলেন, ‘ভেনেজুয়েলান ও বিদেশিসহ মোট প্রায় ২১৪ জন অনশনে রয়েছেন।’ গালো একজন আর্জেন্টাইন পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগও ক্ষমা আইনের বাইরে রাখা হয়েছে।


২০২৪ সালে গ্রেফতার হওয়া একজন পুলিশ কর্মকর্তার মেয়ে শাকিরা ইবারেত্তো বলেন, ‘ক্ষমা আইনের পরিধিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে, যে কারণে তারা শুক্রবার অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’


রবিবার ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর একটি দল রোদেও-১ কারাগার পরিদর্শন করে। ভেনেজুয়েলায় সংস্থাটির স্বাস্থ্য সমন্বয়ক ফিলিপ্পো গাত্তি বন্দিদের স্বজনদের বলেন, ‘এই প্রথম আমাদের ওই কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এটি একটি প্রথম পদক্ষেপ। আমরা সঠিক পথে আছি বলে মনে করি।’


স্বজনরা জানান, কারাগারের সব বন্দি অনশনে অংশ নেননি।

কোন মন্তব্য নেই: