খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল
খুলনা ব্যুরোঃপ্রধান
এস এম শাহরিয়ার
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাব-এর বার্ষিক নির্বাচন-২০২৬। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং অডিটর নিয়োগের বিষয়গুলোও চূড়ান্ত করা হয়।
সভায় বক্তব্য দেন নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য ও বিভিন্ন পত্রিকার সম্পাদক-সাংবাদিকরাও।
ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ মার্চ সন্ধ্যা ৭টায়। সংশোধিত তালিকা ৫ এপ্রিল বিকাল ৪টায় এবং চূড়ান্ত তালিকা ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বিতরণ চলবে ৭ ও ৮ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৯ এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এরপর ১২ এপ্রিল খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৩ এপ্রিলের মধ্যেই শেষ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল বিকাল ৫টায়।
২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। পরদিন ৩০ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে গণনা সম্পন্ন করে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

কোন মন্তব্য নেই: