রাজশাহী সিটি কর্পোরেশনে রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর, প্রশাসকের নির্দেশনা


 

   ব্যুরো প্রধানঃরাজশাহী

   অপু দাস

 নগরবাসীর সেবার মান উন্নয়নে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) নগর ভবনের কনফারেন্স কক্ষে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রশাসক বলেন, চলতি অর্থবছরের জুন মাসের মধ্যে গত তিন অর্থবছরের তুলনায় অধিক রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল রাখতে এবং নাগরিকদের উন্নত সেবা দিতে আর্থিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি, আর সেই সক্ষমতা অর্জনের মূল উপায় হচ্ছে কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা।

তিনি আরও বলেন, শুধুমাত্র নিয়মিত কর আদায় নয়, বকেয়া কর আদায়ের ক্ষেত্রেও জোরালো পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রচলিত আইনের আওতায় নতুন আয়ের উৎস সৃষ্টি করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। যেসব খাতে সিটি কর্পোরেশন সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কর আদায়ের সময় নাগরিকদের সঙ্গে ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মান উন্নয়নের মাধ্যমে নাগরিকদের আস্থা অর্জন করা গেলে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। কর আদায় কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের উৎসাহিত করতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রণোদনা ও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় নগরীর যানজট নিরসন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, ট্যাকসেশন কর্মকর্তা (বাজার) আবুল বাশার মো. তাজউদ্দীন, ট্যাকসেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন