রাজশাহীতে আদালতের পেশকারকে চাঁদা দাবির অভিযোগ: প্রায় দুই বছর পর গ্রেফতার ওয়ারেন্টভুক্ত আসামি


 

ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি রাফিজ বিন সরকার, যিনি পাভেল নামেও পরিচিত।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. হাবিবুর রহমান রাজশাহী মহানগরীর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের ১০ আগস্ট একটি অজ্ঞাত নম্বর থেকে তার মোবাইলে বার্তা পাঠিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়। এরপর ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, জীবননাশের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা দেন। পরে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালত প্রাঙ্গণে আবারও তার কাছে টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দিতে বাধ্য হন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুরে আদালত কক্ষের ভেতরেও তাকে পুনরায় টাকা দিতে চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে। মামলায় লক্ষ্মীপুর এলাকার পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)-কে অভিযুক্ত করা হয়। প্রাথমিকভাবে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হলেও তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে তাদের নাম বাদ দেওয়া হয় এবং দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান জোরদার করে এবং অবশেষে পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলার অপর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই: