নিজেকে আধুনিক ও দক্ষ করে জনগণের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান আইজিপির
ব্যুরো প্রধানঃরাজশাহী
অপু দাস
বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে অপরাধের ধরনও বদলে যাচ্ছে। বিশেষ করে সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের যুগোপযোগী দক্ষতা অর্জন এবং সবসময় নিজেকে হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের ভবিষ্যৎ দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি বলেন, একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, মানবিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আইনের শাসন সমুন্নত রাখারও আহ্বান জানান তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের যেকোনো সংকটে পাশে দাঁড়াতে হবে এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

কোন মন্তব্য নেই: