রাজশাহীকে আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক


 

ব্যুরো প্রধান, রাজশাহী

অপু দাস

রাজশাহীকে আধুনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক 

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগরবাসীর প্রত্যাশা পূরণ এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজশাহীকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ কাজে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে নাগরিক সেবার মানোন্নয়ন, ফুটপাত দখলমুক্ত রাখা, শিল্পায়নের সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে একাধিক প্রস্তাব তুলে ধরেন।

রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব বিষয়ে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই নগর উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে পরিচিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। নগরীর গাছপালার নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী বর্ষা মৌসুমে রাজশাহীতে তিন লক্ষাধিক গাছ লাগানোর বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ নেওয়া হবে, যাতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা সম্ভব হয়।

নাগরিক সুবিধা উন্নয়নের বিষয়ে রাসিক প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি মশক নিধনে নিয়মিত ফগার স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কের খানাখন্দ চিহ্নিত করে দ্রুত সংস্কারের কাজও চলমান রয়েছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং পরিকল্পিত উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতে সিটি করপোরেশনের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছে। জনসচেতনতা বাড়াতে লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

সভায় রাসিক প্রশাসক নগর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় বরেন্দ্র প্রেসক্লাবের নেতারা রাজশাহীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই রাজশাহীকে আরও সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন