পীরগঞ্জে ভাইরাল “অডিওটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন




পীরগঞ্জ রংপুর প্রতিনিধি

মোঃ কামরুল হাসান প্রধান  


 পীরগঞ্জে ভাইরাল “অডিওটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন 

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ সুপার এডিট করা অডিও কথোপকথন ভাইরালের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১৫ মে) রাত পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার এবং দলের সুনাম ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা অডিও তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।

আবুল কাশেম আকন্দ বলেন, “আমি কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিয়েছি। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে। একটি ভয়েস অডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কখনোই নারী কেলেঙ্কারির সঙ্গে ছিলাম না এবং জড়িত নই। আমাকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই অডিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি ডিজিটাল প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে একটি পক্ষ মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমেদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাশরাফি হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ছাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, কোষাধ্যক্ষ মো. সুজন মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদক ও অঙ্গসংগঠনের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ ও কুমেদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমা খাতুন মুনির একটি কথোপকথন ভাইরাল হয়। যেখানে তাকে ঢাকা থেকে আগত নেতাদের মনোরঞ্জনের জন্য ১৬-১৭ বছরের মেয়েদের চাহিদার কথা বলতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এই অভিযোগ অস্বীকার করে বলেন, অডিওটি সুপার এডিট করা এবং মিথ্যা প্রচারণার অংশ। এ ধরনের কথোপকথন আমার কারও সঙ্গে হয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন