আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু


  আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন সম্প্রতি পরিবার নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার সকালে দুই ভাইসহ পরিবারের সদস্যরা খানসামার জোয়ার এলাকায় একটি লিচু বাগানে যান। ফেরার পথে কালিরবাজার ঘাটে আত্রাই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যান।


এ সময় মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে যোগ দিলে বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের লাশও উদ্ধার করা হয়।


স্থানীয়দের দাবি, কালিরবাজার ঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, গোসলের সময় অসাবধানতাবশত ওই গভীর অংশে পড়ে যাওয়ায় দুই ভাই ডুবে মারা যান। খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে ডুবুরি দলের সহায়তায় উভয় লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।


খানসামা থানার ওসি আব্দুল বাসেত সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। লাশ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন