জেলা প্রতিনিধি (ভোলা)
মীর শাহীন
ভোলায় নৃশংসভাবে কুপিয়ে হত্যাকান্ডের প্রধান দুই আসামী ঢাকায় গ্রেফতার।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আলোচিত হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ টিম।
গত ২৯ মে, ২০২৬ তারিখ বিকাল অনুমান সাড়ে ৫ টায় বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোট পাতা ০১নং ওয়ার্ডস্থ করিমউদ্দিন এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের পুকুরের ঘাটলার উপর মোঃ মাইনুদ্দিন (৩৯) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পিতা মোঃ নেছার উল্লা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার সূত্র ধরে ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সংঙ্গীয় ফোর্সসহ র্যাব-০২ (মোহাম্মদপুর, ঢাকা) এর একটি টিমের সহায়তায় তথ্য-প্রযুক্তির ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত (০৮ জুন) বিকেল ৪ টায় ঢাকা মোহাম্মদপুর মেট্রো হাউজিং এলাকা থেকে মামলার এজাহারনামীয় ০২নং আসামী মোঃ বেলাল হোসেন (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া মামলার এজাহারনামীয় ০৩নং আসামী মোঃ তানজিল (২৪) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সংগীয় ফোর্সসহ র্যাব-১১ (নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ) এর একটি টিমের সহায়তায় তথ্য-প্রযুক্তির ও গোপন সংবাদের ভিত্তিতে একই দিনের বিকেল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর অবদা কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়, হত্যা মামলার গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে ।
নিহত মাঈনুদ্দিনের বাবা মোঃ নেছার উল্ল্যাহ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রশাসন আমাকে আমার সন্তান হত্যার ন্যায় বিচার পেতে সর্বাত্নক সহযোগিতা করবে বলে আশা করছি। হত্যা মামলার দুই আসামি গ্রেফতারে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ও অন্য সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি ।
