পীরগঞ্জে সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে ‘নিরাপত্তার’ নামে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান

পীরগঞ্জে সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে ‘নিরাপত্তার’ নামে চাঁদাবাজির অভিযোগ, জনদুর্ভোগ চরমে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যস্ততম দুটি সড়কে বাঁশের প্রতিবন্ধকতা সৃষ্টি করে পথচারী ও যানবাহনের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ‘নিরাপত্তা নিশ্চিত করার’ অজুহাতে দীর্ঘদিন ধরে এ অপতৎপরতা চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

উপজেলার খালাশপীর চতরা সড়কের মঞ্জিলার দরগা সংলগ্ন এলাকা এবং খালাশপীর থেকে ভেন্ডাবাড়ী সড়কের কাদিরাবাদ এলাকায় ব্যস্ততম সড়কের ওপর বাঁশ ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এসব স্থানে যাতায়াতকারী পথচারী, মোটরসাইকেল আরোহী ও অন্যান্য যানবাহনের কাছ থেকে বাধ্যতামূলক টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পথচারী ও প্রত্যক্ষদর্শী জানান, ওদের বাধ্যতামূলক টাকা দিতে হয়। নির্ধারিত টাকা দিতে অস্বীকৃতি জানালে অনেক ক্ষেত্রে দুর্ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং নিরাপদ চলাচলে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি কিছু ব্যক্তি নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন যে, টাকা প্রদানকারীদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তারাই নেবেন।

অভিযোগকারীরা আরও জানান, এ ধরনের অর্থ আদায়ের বৈধতা সম্পর্কে প্রশ্ন তুললে সংশ্লিষ্টরা প্রকাশ্যে দাবি করেন যে তারা নাকি প্রশাসনের বিভিন্ন মহলকে ও চেয়ারম্যান মেম্বারসহ নেতাদের ‘ম্যানেজ’ করেই এ কার্যক্রম পরিচালনা করছেন। 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

খালাশপীর, চতরা ও ভেন্ডাবাড়ী এলাকায় সপ্তাহে দুই দিন করে বৃহৎ ও ঐতিহ্যবাহী হাট বসে। এসব হাটকে কেন্দ্র করে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ এ সড়ক ব্যবহার করেন। বিকল্প রাস্তার অভাবে এবং রংপুর, দিনাজপুর যাওয়ার একমাত্র বাইপাস সড়ক হওয়ায় শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ জনগণকে বাধ্য হয়েই এই পথ ব্যবহার করতে হয়। ফলে অভিযোগকৃত এসব কর্মকাণ্ডের কারণে জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাগুলো তদন্ত করে নিদৃষ্ট সংখ্যাক চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে অবৈধভাবে অর্থ আদায় বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও যৌথবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন