বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা
এস এম শাহরিয়ার
বাল্যবিবাহ রোধে সমন্বিত ডাটাবেইজ তৈরির ওপর গুরুত্বারোপ
বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে ডাটাবেইজ তৈরি করে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বাল্যবিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিবেচনায় নিয়ে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, প্রতিটি জেলায় বিবাহ রেজিস্ট্রার ও নোটারি পাবলিকের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে বাল্যবিবাহ বিষয়ে সচেতন ও সতর্ক করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিশোর-কিশোরী এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য ভিডিও কনটেন্ট প্রচারেরও নির্দেশনা দেন তিনি।
মো. আবদুল্লাহ হারুন আরও বলেন, কোনো জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।
সভায় জানানো হয়, প্রতিটি থানায় একজন করে শিশুসুরক্ষা কর্মকর্তা রয়েছেন। তাদের কাছে বাল্যবিবাহের তথ্য দিলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে টোল-ফ্রি হটলাইন ১০৯, ৯৯৯ এবং ১০৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসাইনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
