জেলা প্রতিনিধি, লালমনিরহাট
আব্দুল মালেক
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লালমনিরহাটে
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের,
চাঁপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১৩ জুন বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন
করা হয়। একইসাথে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য মো: রোকন উদ্দিন বাবুল। পরে তিনি চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায়, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে।’
কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী, অতিথি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
