জিদানের ছেলের দুর্ভেদ্য প্রাচীর, ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি আলজেরিয়ার


 জিদানের ছেলের দুর্ভেদ্য প্রাচীর, ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি আলজেরিয়ার

 বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বড় বার্তা দিয়ে রাখল আলজেরিয়া। প্রতিপক্ষ ছিল ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস, আর ফলাফল—আফ্রিকানদের দারুণ এক জয়। গোলের ব্যবধান মাত্র ১-০ হলেও ম্যাচের গুরুত্ব ও প্রভাব অনেক বড়, কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া।


নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ম্যাচজুড়ে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। তবে এত সুযোগের মাঝেও গোলের দেখা মিলেছিল মাত্র একবার। আর সেই গোলটিই হয়ে উঠেছে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত।


ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত এক ব্যক্তিগত প্রচেষ্টায় বল জালে জড়িয়ে দেন আনিস হাজ মুসা। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল ২৪ বছর বয়সী এই উইঙ্গারের প্রথম গোল। মজার বিষয়, ক্লাব ফুটবলে তিনি খেলেন ডাচ ক্লাব ফেইনুর্ডের হয়ে। পরিচিত মাটিতেই তাই নেদারল্যান্ডসকে কাঁদিয়ে স্মরণীয় এক রাত উপহার দিলেন নিজের দেশকে।


আলজেরিয়ার জয়ের পেছনে আরেক বড় নাম গোলরক্ষক লুকা জিদান। কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে পুরো ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য। ডাচরা ১৪টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। কিন্তু সবকটিই অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন লুকা।


সম্প্রতি মুখে চোট পাওয়ার কারণে মাস্ক পরে খেলতে নামেন তিনি। বিশ্বকাপে আলজেরিয়ার এক নম্বর গোলরক্ষক কে হবেন, তা নিয়ে যে আলোচনা চলছিল, এই পারফরম্যান্সের পর সেই বিতর্ক অনেকটাই থেমে যেতে পারে।


প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল নেদারল্যান্ডসের হাতে। তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। গ্যালারিভর্তি আলজেরিয়ান সমর্থকদের উচ্ছ্বাসে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেন আফ্রিকার প্রতিনিধিরা। শেষ পর্যন্ত তাদের জয়কে ন্যায্য বলেই মনে হয়েছে।


এই আলজেরিয়ার বিপক্ষেই বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান।


অন্যদিকে বিশ্বকাপের আগে এই হার নেদারল্যান্ডস শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি করেছে। যদিও কোচ একাধিক ফুটবলারকে সুযোগ দিয়ে দল পরীক্ষা করেছেন, তবু ফলাফলে হতাশ অধিনায়ক ভার্জিল ফন ডাইক।


ডাচ অধিনায়ক বলেন, “দেশ ছাড়ার আগে এমন পারফরম্যান্স আমরা চাইনি। এই ম্যাচে অন্তত ২-০ গোলে এগিয়ে থাকার কথা ছিল। সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। তবে ইতিবাচক দিক হলো, বেশিরভাগ খেলোয়াড়ই মাঠে সময় পেয়েছে।”


বিশ্বকাপে যাওয়ার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যেখানে প্রতিপক্ষ উজবেকিস্তান। আর আলজেরিয়া শেষ প্রস্তুতি সারবে বলিভিয়ার বিপক্ষে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন