পীরগঞ্জে ২৫ হাজার টাকার জাল নোটসহ দু'জন আটক


পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে ২৫ হাজার টাকার জাল নোটসহ দু'জন আটক

রংপুরের পীরগঞ্জ পৌর শহরে ২৫ হাজার টাকার জাল নোট ব্যবহার করে বিকাশে টাকা পাঠানোর চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে পৌর শহরের নাটোর সুইটস সংলগ্ন আফরাম মোবাইল অ্যান্ড টেলিকম দোকানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন উপজেলার ওসমানপুর গ্রামের নুর আলম (৪৫) এবং বড় রাজারামপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আটক দুই ব্যক্তি একটি বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠানোর কথা বলে দোকানদারের কাছে ৫০০ টাকা মূল্যমানের ৫০টি নোট দেন। নোটগুলো হাতে নিয়েই দোকানদারের সন্দেহ হলে তিনি তা যাচাই করে জাল বলে নিশ্চিত হন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫ হাজার টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৫০টি নোট রয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন