মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
বিপুল চন্দ্র বর্মন
মিঠাপুকুরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
রংপুরের মিঠাপুকুরে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর নারী মাদক ব্যবসায়ীকে গাঁজা সংক্রান্ত মামলায় গ্রেফতারের পর আদালত ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের কাঠালী তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মনিরুল ইসলাম ওরফে মন্নু (পিতা—মো. ওয়াহেদ আলী, সাং—কাঠালী তেলিপাড়া)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, উপজেলার বলদীপুকুর মমিনপুর এলাকা থেকে রুপালি নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
