রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন লিজা আবারো বিচারক


 রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েই বাংলাদেশের সংগীতাঙ্গনে পেশাগতভাবে যাত্রা শুরু হয়েছিল এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার। তবে এবার লিজা নিজে আবারও রিয়েলিটি শোর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।


এর আগে তিনি ‘আরটিভি ইয়ংস্টার সিজন টু’ এবং আরটিভির ‘লিটল স্টার সিজন ওয়ান’-এর বিচারক হিসেবে কাজ করেছিলেন। এরই মধ্যে আরটিভির ‘লিটল স্টার সিজন টু’-এর কাজ শুরু হয়েছে, যেখানে এবারও বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। লিজা তার নিয়মিত স্টেজ শো, টিভি শো এবং গানের রেকর্ডিংয়ের ব্যস্ততার ফাঁকে সময় সমন্বয় করে এ প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করছেন।

বাংলাদেশের সংগীতাঙ্গন ও মিউজিক ইন্ডাস্ট্রিতে একজন নম্র, ভদ্র, বিনয়ী, সদালাপী এবং সদাহাস্যোজ্জ্বল শিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই লিজার আলাদা সুনাম রয়েছে। ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে কারও কোনো অভিযোগ নেই। ফলে আরটিভির আস্থাও বজায় রয়েছে তার ওপর, যার দরুন পরপর তিনবার তাকে বিচারকের পদে কাজ করার সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। লিজাও বিচারক হিসেবে কাজ করতে পেরে ভীষণ আনন্দিত।


সানিয়া সুলতানা লিজা বলেন, ‘এখনো আমাদের মাথার ওপর ছায়া হয়ে আছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম ও শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডাম। তাদের কাছে আমরা এখনো শিক্ষার্থী, গানে এখনো আমাদের কত কিছু শেখা বাকি। তারপরও যখন কোনো অনুষ্ঠানে বিচারক হওয়ার প্রস্তাব আসে, তখন ভাবি যে এই দায়িত্বটা কি আমি আসলেই নিতে পারব, কিংবা আমার কি এই ধরনের কাজ করার সময় এসেছে! আরও নানা চিন্তা মনে আসে। কিন্তু রিয়েলিটি শোর আয়োজকেরা যখন অভয় দেন, তখন ওপর অর্পিত দায়িত্বটুকু ঠিকঠাক পালন করতে চাই। আমি আমার কর্তব্যটুকু শতভাগ সঠিকভাবে করার চেষ্টা করি। কোনো শিল্পীর আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সঠিক বিচারটাই করতে চাই।’


অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আরটিভি ইয়ং স্টার ও লিটল স্টারকে ঘিরে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। লিটল স্টার সিজন টু-এর কাজ তো মাত্র শুরু হলো। আমরা অনেক ছোট ছোট মেধাবী বাচ্চা পাচ্ছি, যারা সত্যিই ভীষণ ভালো গায়। তাদের নিয়েই আমাদের আগামী দিনের স্বপ্ন। আরটিভিকে ধন্যবাদ আমার জীবনে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।’


এদিকে লিজা জানান, আগামী ৮ ও ৯ অক্টোবর ঢাকায় দুটি স্টেজ শো রয়েছে তার। এ ছাড়া বেশ কয়েকটি নতুন গানের অডিওর কাজ শেষ হয়েছে। শিগগিরই গানগুলোর ভিডিওচিত্র তৈরি করে তা প্রকাশ করবেন এই শিল্পী।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন