পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
মোঃ কামরুল হাসান প্রধান
পীরগঞ্জ মেডিকেলে তিনগুণ রোগীর চাপ, ১০০ শয্যার জনবল,ওষুধ ও খাদ্য সরবরাহের দাবি
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ৫০ শয্যার এ হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় প্রতিদিনই বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাড়তি চাপের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৫ লাখ মানুষের বসবাস। পাশাপাশি নবাবগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকার মানুষও এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। ফলে এ হাসপাতালে সবসময়ই রোগীর চাপ থাকে।
এছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের পাশে স্বাস্থ্য কমপ্লেক্সটির অবস্থান হওয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদেরও জরুরি ভিত্তিতে এখানে ভর্তি করা হয়। সাধারণ রোগীর পাশাপাশি প্রসূতি, নবজাতক, ডেঙ্গু, ম্যালেরিয়া ও হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর চাপও রয়েছে।
অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ ও রোগীদের খাবার সরবরাহ, পয়োনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ সার্বিক কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ অবস্থায় সরকার ঘোষিত ১০০ শয্যার হাসপাতালের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্যান্য জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ ও রোগীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তাদের দাবি, পীরগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যা, জনবল ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।
২৮ সেপ্টেম্বর ২০২৬
পীরগঞ্জ, রংপুর।
