ফেনীর সোনাগাজীতে এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোরশেদ আলম।খোরশেদ আলম জানান, টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজী যাওয়ার পথে গাল কাটা আফসার, কথিত জলদস্যু শাহীন, মাসুদসহ তিন-চারজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারধরও করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আফসার ও শাহীন যুবদলের কর্মী। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, এ ঘটনায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
