রাজবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রাব্বি গ্রেপ্তার


 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় মো. ইলিয়াস চৌধুরী ওরফে রাব্বিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহরের বিনোদপুর এলাকার লিয়াকত আলী চৌধুরীর ছেলে এবং রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের সদস্য। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার সময় বিনোদপুর কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত বছরের ১৮ জুলাই বিকাল তিনটার সময় রাজবাড়ী সদর থানার রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল এলাকার গোল চত্বরে কোটাবিরোধী আন্দোলনকারীরা সমবেত হন। তারা নানা স্লোগান দিতে থাকেন। অতি উৎসাহিত হয়ে বিকাল পৌনে চারটার সময় তদন্তেপ্রাপ্ত আসামি মো. ইলিয়াছ চৌধুরী ওরফে রাব্বিসহ অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বে-আইনিভাবে বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে চতুর্দিক থেকে আন্দোলনকারীদের এলোপাতাড়ি বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। প্রাথমিক তদন্তকালে আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তিনি রাজবাড়ী সদর থানার গত ২১ জুলাই ও গত ২ এপ্রিল ও গত ১২ ফেব্রুয়ারি দায়েরকৃত মামলার আসামি।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিকাইল হোসেন অভিযান চালিয়ে বিনোদপুর কলেজপাড়া থেকে রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করে। বিকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন