প্রার্থীতা ঘোষণার পরদিন কিশোরগঞ্জে বিএনপির জনজোয়ার: মাজহারুল ইসলামের নেতৃত্বে শোডাউন


 মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,স্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ

কিশোরগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণার পরদিনই শহরজুড়ে দেখা গেল বিএনপির বিশাল শক্তি প্রদর্শন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তার নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে অংশ নেয় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

বিকেলের দিকে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পুরো শহরজুড়ে বিএনপির শ্লোগানে মুখরিত পরিবেশে যেন ফিরে এলো রাজনৈতিক উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

দলীয় সূত্র জানায়, বুধবার মাজহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উৎসাহ ও ঐক্য। দীর্ঘ সময় পর বিএনপির এমন গণজোয়ার স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দল সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, কারা নির্যাতিত নেতা খায়রুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মারুফসহ কিশোরগঞ্জ ও হোসেনপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নিয়ে মাজহারুল ইসলাম বলেন,

আজকের এই বিশাল সমাবেশ প্রমাণ করে—কিশোরগঞ্জ ও হোসেনপুরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন থেকেছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,

আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাজহারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ বিএনপি সংগঠিত ও প্রাণবন্ত হয়ে উঠছে। তার প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে জেলার রাজনীতিতে বিএনপি আবারও শক্ত অবস্থান তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিছিল কিশোরগঞ্জে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ডে এক নতুন গতি ও আত্মবিশ্বাস যোগ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন