কিশোরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বগাদিয়া এলাকায় প্রধান সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচলে তৈরি হয়েছে চরম দুর্ভোগ ও ঝুঁকি।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করে। কিন্তু ভাঙা রাস্তায় হাঁটাচলা তো বটেই, রিকশা ও মোটরসাইকেল চালকরাও পড়ছেন বিপাকে। বৃষ্টির সময় রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়।
এ বিষয়ে স্থানীয় সমাজসেবক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া বলেন, “আমার বাড়ির সামনে থেকে প্রায় আধা কিলোমিটার রাস্তা পুরোপুরি ভেঙে গেছে। পৌরসভায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।”
এলাকার সচেতন নাগরিকদের একটাই দাবি—দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে যেন দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।
