মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, ষ্টাফ রিপোর্টার ,কিশোরগঞ্জ
নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক মূল্যবোধের বিকাশ ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে স্থানীয় পর্যায়ে বেসরকারি উদ্যোগের ভূমিকা অপরিসীম— এমন মত প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, প্রাক-প্রাথমিক থেকে শুরু করে কিশোর ও যুব সমাজকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে ধর্ম, বিজ্ঞান ও উন্নয়নের সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।
গতকাল বুধবার (৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখালী সিকদার সড়কে সংযোগ যুব গণপাঠাগার, আর্কাইভ ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় যুব ফোরামের সেক্রেটারি তাসলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা মি. রবিন বসাক।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ সারওয়ার, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ, বিএসকেপি জেলা সভাপতি ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি জোনায়েদ হোসেন জুয়েল, নিউজ টাইমস টিভির জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন রাজ, সাংবাদিক আল আমীন, নন্দিত টিভির প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, নারী সংগঠক লিপি রানী দাস, আশরাফুন্নেছা, সোহানা আক্তার, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং এ ওয়ান স্যাটেলাইট টিভির জেলা প্রতিনিধি সোহানূর রহমান বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, “বিজ্ঞান সাক্ষরতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ সমাজকে সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় পাঠাগার ও বিজ্ঞান ক্লাবগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
সভা শেষে জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে পাঠ প্রতিযোগিতার জন্য প্রেরিত একসেট বই পাওয়ায় প্রতিষ্ঠানটির পরিচালককে ধন্যবাদ জানানো হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
