নারীর সক্ষমতা বৃদ্ধিতে বিনামূল্যের সেলাই প্রশিক্ষণ: দিনাজপুরে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন বিতরণ
সিয়ামুর রশিদ,স্টাফ রিপোর্টার, দিনাজপুরঃ দিনাজপুর সদর উপজেলার লালবাগ এলাকায় ৪৫ দিনব্যাপী বিনামূল্যের সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সেলাই মেশিন প্রদান সম্পন্ন হয়েছে। “মুক্ত চিন্তা যুব সেবা সংঘ”-এর আয়োজনে এবং বিকাশের উদ্যোগে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া নারীদের দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মো. রওনাকুল ইসলাম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোছাঃ মাহবুবা আক্তার, কো-অর্ডিনেটর, ই-আর্নিং অ্যান্ড লার্নিং, দিনাজপুর ব্রাঞ্চ; কনিকা রহমান পারুল, সভাপতি, নক্ষত্র যুব কল্যাণ সংস্থা; মোঃ নুরুল হক, নির্বাহী পরিচালক, বিকাশ; এবং মোঃ জিলহজ্জ সরকার, সভাপতি, মুক্ত চিন্তা যুব সেবা সংঘ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল জব্বার, সভাপতি, বিকাশ।
৪৫ দিনের এই প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা সেলাই, কাটিং, ডিজাইনসহ বিভিন্ন মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা তাদের ভবিষ্যতে ঘরে বসে আয় করা বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথ সুগম করবে। প্রশিক্ষণে দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠায় বিশেষভাবে এগিয়ে থাকা প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রথম ধাপে একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়। অতিথিবৃন্দ পুরস্কারপ্রাপ্ত এই নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন এবং আগামীর জন্য সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার মো. রওনাকুল ইসলাম বলেন—
“নারীদের দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার বাস্তব সুযোগ তৈরি করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর ভবিষ্যতেও নারীদের স্কিল ডেভেলপমেন্টে আরও সহযোগিতা বাড়াবে।”
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—
“আমরা শুধু প্রশিক্ষণ দিচ্ছি না; বরং নারীদের জীবনমান উন্নয়ন ও আয়মুখী করে স্বাবলম্বী সমাজ গঠনের স্বপ্ন দেখছি। সামনে আরও সেলাই, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন স্কিল উন্নয়নমূলক কর্মসূচি আয়োজন করা হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরাও জানান, সেলাই শিক্ষার মাধ্যমে তারা নতুনভাবে নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেয়েছেন। অনেকেই জানিয়েছেন, এই প্রশিক্ষণ তাদের পরিবারে আর্থিক সাপোর্ট যোগানোর সুযোগ করে দিয়েছে।
উপস্থিত অতিথি, সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

কোন মন্তব্য নেই: