হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা
মোঃ রেজোয়ান প্রধান রিমন
“মাঠে শৃঙ্খলা, জীবনে সাফল্য”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন হিলি পাবলিক স্কুলের সভাপতি ডি. এম. আলমগীর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বালক ও বালিকাদের ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, চামচে মার্বেল রেখে হাঁটা, হাই জাম্প, লং জাম্প, ফুটবল, ক্রিকেট, ‘যেমন খুশি তেমন সাজা’সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবকরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি পাবলিক স্কুলের পরিচালক অর্ক মুনতাসির নির্ঝর, অধ্যক্ষ এ. এফ. এম. রাফেউল করিম, উপাধ্যক্ষ বেবি আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই: