ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিতে অচল ঠাকুরগাঁও সদর: দুরামারিতে সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে


স্টাফ রিপোর্টারঃ

মোঃ সিয়ামুর রশিদ

ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলন নতুন মাত্রা পেয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারি এলাকায়। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করায় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ।

জানা গেছে, উপ-সহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বৈষম্যমূলক নিয়োগ নীতির সংস্কারের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। একইসঙ্গে অন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলসহ দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। আন্দোলনকারীরা বলেন, “আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

কর্মসূচিতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসহ আশপাশের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে সকাল থেকে ওই সড়কে চলাচলকারী বাস, ট্রাক, পণ্যবাহী যান ও সাধারণ যানবাহন আটকে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ সড়ক অবরোধের কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যান চলাচলে চরম ভোগান্তির শিকার হন। যদিও আন্দোলনকারীরা জরুরি যানবাহন চলাচলের বিষয়ে সহনশীল থাকার চেষ্টা করেন।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছিল বলে জানা গেছে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন