হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মূলে ইউপি চেয়ারম্যান আটক
বিশেষ প্রতিনিধিঃ হাকিমপুর উপজেলা, দিনাজপুর
মোঃ রেজোয়ান প্রধান রিমন
দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্ট মূলে ইউপি চেয়ারম্যান কাওসার রহমান (৪৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ কাওসার রহমানকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।
গ্রেফতারকৃত কাওসার রহমান হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তবে ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
গ্রেফতার প্রসঙ্গে ওসি মোঃ জাকির হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে নিহত শিক্ষার্থী সূর্যের ভাই হাকিমপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৭)।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি’র দিকনির্দেশনা ও তার পরামর্শে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল বুধবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এজাহারভুক্ত আসামি কাওসার রহমানকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের ঘটনার পর শিক্ষার্থী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় কাওসার রহমান পলাতক ছিলেন এবং প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আদালতের আদেশ অনুযায়ী তিনি পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

কোন মন্তব্য নেই: