নবাবগঞ্জে ৭ বছরের শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড


 উপজেলা প্রতিনিধিঃ নবাবগঞ্জ, দিনাজপুর

মোঃ রাহেল সরকার,

দিনাজপুরের নবাবগঞ্জে সিরাজুল আল সামস (৭) নামের এক শিশুর পায়ের রগ কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সিরাজুল আল সামস ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর শিশুটি নিখোঁজ হয়ে গেলে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন ভুট্টাখেতের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পায়ের রগ কাটা, ডান পায়ের ঊরুতে গভীর ক্ষত, ঘাড়ের ডান পাশে কাটা এবং ডান হাতের বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।


নিহতের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।


 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি পার্শ্ববর্তী থানার আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন