সার্ক পুনরুজ্জীবনে সমর্থন দেবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


 পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সার্ক প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জনে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা সার্ক বিষয় নিয়ে আলোচনা করেন।


প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি বাংলাদেশ প্রথম ১৯৮০ সালের গোড়ার দিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কল্যাণ, জীবনযাত্রার মান উন্নত এবং সম্মিলিত স্বনির্ভরতা জোরদারের জন্য প্রস্তাব করেছিলেন। প্রতিষ্ঠাতা সদস্য এবং ১৯৮৫ সালের ডিসেম্বরে সার্কের প্রথম শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে, বাংলাদেশ ক্রমবর্ধমান আঞ্চলিক এবং বৈশ্বিক গতিশীলতার মধ্যে সার্কের প্রাসঙ্গিকতা বজায় রাখতে সদস্য দেশগুলোর মূল্যবান অবদানকে স্বীকৃতি দেয়।


তিনি আরও বলেন, সার্ক অভিন্ন আঞ্চলিক মূল্যবোধকে লালন করে চলেছে এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা প্রচার অব্যাহত রেখেছে।


প্রতিমন্ত্রী সার্কভুক্ত সংস্থার প্রক্রিয়া জোরদার ও প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। সার্বভৌম সাম্য, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য দেশগুলোর জনগণের পারস্পরিক সুবিধাসহ সার্ক সনদে উল্লিখিত নীতিমালার প্রতি অবিচল প্রতিশ্রুতিতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন