ঈদ সামনে রেখে খুলনায় মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা




ব্যুরো প্রধান: খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার,  


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে খুলনা নগরীতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।


অভিযানে খুলনা নিউমার্কেটের ডে-সেভেন ইউনিক সুপার শপে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াশ, নেইল পলিশ ও লিপস্টিকের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া খালিশপুরের জোড়াগেট এলাকায় নুরজাহান ফুড প্রোডাক্টসে অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের লেবেলে ভুল ও বিভ্রান্তিকর তথ্যও পাওয়া যায় বলে জানানো হয়েছে।


অভিযানে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিএসটিআই খুলনা বিভাগের কর্মকর্তা মো. মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌশলী মো. মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মো. আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মো. বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. তারিকুল ইসলাম সুমন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন