খুলনায় ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ


 

      ব্যুরো প্রধানঃখুলনা

এস এম শাহরিয়ার


খুলনা নগরীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর জান্নাতুল মাওয়া (সাড়ে ৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে হরিণটানা গেটের পাশের একটি নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।


মাওয়া লবনচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।


পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সাচিবুনিয়া মোহাম্মদপুর এলাকায় যায় শিশুটি। সেখানে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে সঙ্গে নিয়ে যায়। দীর্ঘ সময়েও মাওয়া ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


পরবর্তীতে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিশুটি তার সঙ্গেই আছে এবং কিছুক্ষণ পর ফিরে আসবে। তবে এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ বাড়লে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।


রাতের দিকে পুলিশ ও স্বজনরা যৌথভাবে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে অবশেষে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।


লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।


ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন