খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন, প্রধান জামাতে মুসল্লিদের ঢল
ব্যুরো প্রধানঃখুলনাএস এম শাহরিয়ার
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শনিবার খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোর থেকেই নগরজুড়ে ছিল আনন্দের আমেজ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো বাংলা ও আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ খচিত ব্যানারে সজ্জিত করা হয়।
খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। একই স্থানে সকাল ৯টা ও ১০টায় আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও বয়রা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। খালিশপুর জামে মসজিদ ও বসুপাড়া ইসলামাবাদ জামে মসজিদেও সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৃথকভাবে ঈদের জামাত আয়োজন করা হয়।
নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, প্রতিবন্ধী ও সামাজিক সেবা কেন্দ্রগুলোতে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলাগুলোতেও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়।

কোন মন্তব্য নেই: