বড়মাঠ থেকে তারকাটা বেড়া অপসারণের দাবি, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিনাজপুরবাসীর
দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ শহীদ বড় ময়দান রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন দিনাজপুরের সচেতন নাগরিক ও ক্রীড়ামোদীরা। বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটা বেড়া অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠ অবস্থিত, যেখানে প্রতি বছর হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পাশাপাশি এই মাঠ থেকে জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, ধিমান ঘোষ, জনি, হেমন্তসহ অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে।
বক্তারা আরও জানান, বর্তমানে বড়মাঠে পাঁচটি ক্রিকেট একাডেমির কয়েকশ খেলোয়াড় নিয়মিত অনুশীলন করে থাকে। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠের একটি অংশ তারকাটা দিয়ে ঘিরে রাখায় খেলাধুলা ও সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।
সমাবেশে বক্তারা অবিলম্বে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দান থেকে তারকাটা বেড়া অপসারণ করে জেলাবাসীর অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামীতে দিনাজপুরবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
তারা আরও বলেন, এই মাঠেই দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করে থাকেন দিনাজপুরবাসী। তাই মাঠটির ঐতিহ্য ও উন্মুক্ত পরিবেশ বজায় রাখা জরুরি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মেসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের প্রতিনিধি আকতারুজ্জামান জুয়েল, পিয়াল আহমেদ, গোলাম নবী দুলাল, বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।

কোন মন্তব্য নেই: