ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু, সচেতনতা বৃদ্ধির আহ্বান ভূমি মন্ত্রীর

 

ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

 ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকার গুরুত্বসহকারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে এসব রোগ থেকে সুরক্ষিত রাখতে ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন। এর আওতায় স্থানীয় পর্যায়ে বাড়ির আঙিনা, ড্রেন, খাল, পুকুর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।

তিনি আরও বলেন, এই ধরনের সামাজিক কর্মসূচিতে অযথা জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। বড় স্টেজ, মাইক্রোফোন বা বেলুন উড়ানোর মতো আনুষ্ঠানিকতা বাদ দিয়ে বাস্তব কাজের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে অনেক জায়গায় পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। এখন প্রয়োজন সবাইকে একসঙ্গে কাজ করে সেই পরিস্থিতি পরিবর্তন করা। অতীত নিয়ে বিতর্ক না করে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। এই ধরনের সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমে আসবে।

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সমন্বয়ে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই আহ্বানের ধারাবাহিকতায় ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন