নিউ মার্কেট এলাকায় অফিস ভাঙচুর, টাকা লুট ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নালিশী মামলা

 ব্যুরো প্রধান: খুলনা বিভাগ

এস এম শাহরিয়ার

খুলনা নগরীর নিউ মার্কেট ও বায়তুন নুর মসজিদ এলাকায় মসজিদ কমপ্লেক্সের কো-চেয়ারম্যান শেখ ফারুক হোসেনের অফিসে ভাঙচুর, নগদ টাকা লুট এবং গ্যারেজ ভাঙচুর করে মাসিক চাঁদা দাবির অভিযোগে তিনজনের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করা হয়েছে।


সোমবার দুপুরে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ ফারুক হোসেন এ আরজি দাখিল করেন। আদালত আরজিটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলার বিবাদীরা হলেন নগরীর ছোট বয়রা নুরনগর বিশ্বাস বাড়ির আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (৪৮), সোনাডাঙ্গা সরদারপাড়ার শেখ মোস্তাক আলীর ছেলে মো. তারেক শেখ (৩৯) এবং নিউ মার্কেট মাছ বাজার এলাকার মৃত আবুল হোসেন গাজীর ছেলে মো. মোসলেম উদ্দিন ওরফে কিনা গাজী।


নালিশী আরজির বিবরণে জানা যায়, বায়তুন নুর জামে মসজিদ কমপ্লেক্সের নির্বাহী পরিষদের কো-চেয়ারম্যান শেখ ফারুক হোসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের টেন্ডারের মাধ্যমে কেডিএ নিউ মার্কেট সংলগ্ন এলাকা ও বায়তুন নুর জামে মসজিদ কমপ্লেক্সের চারপাশে সাইকেল গ্যারেজ, মোটরসাইকেল পার্কিং ও কার পার্কিং পরিচালনা করে আসছেন।


গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে গ্যারেজ ও পার্কিংয়ের নির্ধারিত টোল আদায় চলাকালে বাদীর অনুপস্থিতিতে রুবেল বিশ্বাস, তারেক শেখ ও কিনা গাজীসহ অজ্ঞাতনামা আরও ৮–৯ জন অস্ত্রধারী ব্যক্তি নুর জামে মসজিদের নিচে অবস্থিত ফারুক হোসেনের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাদীর নাম ধরে গালিগালাজ করে অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে এবং টেবিলের ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।


এছাড়া গত ২৬ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে একই ব্যক্তিরা আবারও অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে গ্যারেজ, মোটরসাইকেল পার্কিং ও কার পার্কিংয়ের নির্দিষ্ট সীমানা ভাঙচুর করে। তারা সেখানে শক্তি প্রদর্শন করে বলে, ওই স্থানে গ্যারেজের মাধ্যমে টাকা আদায় করতে হলে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে চাঁদা দিতে হবে। অন্যথায় ফারুক হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় ব্যবসায়ী ও ঠিকাদার শেখ ফারুক হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা আমলী আদালতে রুবেল বিশ্বাস, তারেক শেখ ও কিনা গাজীর বিরুদ্ধে নালিশী পিটিশন দায়ের করেন (নং– সিআর-২১৯/২৬)।

কোন মন্তব্য নেই: