পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগীদের উপচে পড়া ভীড়


 

         উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ রংপুর 

      মোঃ কামরুল হাসান প্রধান

রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে নিয়মিত উন্নত ও বহুমুখী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাচ্ছেন সাধারণ মানুষ।

স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সহকারী অধ্যাপক পর্যায়ের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন, শিশু রোগ বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও সার্জন, কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, সাধারণ রোগ ও রক্ত রোগ বিশেষজ্ঞ, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসক ও অভিজ্ঞ হারবাল চিকিৎসকসহ বিভিন্ন শাখার একঝাঁক তরুণ চিকিৎসক একযোগে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

এছাড়া চক্ষু রোগীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সিনিয়র নার্সদের মাধ্যমে ভিডিও টেলিকনফারেন্সে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। একজন শিশু রোগ বিশেষজ্ঞ আবাসিক মেডিকেল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও একজন বিশেষজ্ঞ সার্জন।

দক্ষ ও অভিজ্ঞ এসব চিকিৎসকের কারণে উপজেলা পর্যায়েই রোগ নির্ণয়, পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য হওয়ায় সাধারণ থেকে জটিল রোগের চিকিৎসা এখন আরও সময়োপযোগী ও কার্যকর হয়ে উঠেছে। ফলে স্থানীয় জনগণ উন্নত স্বাস্থ্যসেবার সুফল পাচ্ছেন এবং রংপুরে না গিয়ে সময় ও অর্থ সাশ্রয় করতে পারছেন।

প্রতিদিন বহিঃবিভাগে সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা নিতে ভিড় করছেন। তবে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত আলাদা কক্ষ না থাকায় অনেক ক্ষেত্রে একাধিক চিকিৎসক একই কক্ষে রোগী দেখছেন। এতে ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়ে সঠিকভাবে রোগ নির্ণয় ব্যাহত হচ্ছে।

রোগীদের সেবার মান উন্নয়নে চিকিৎসকদের জন্য পৃথক কক্ষের ব্যবস্থা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চলমান ( পর্ব ১)

কোন মন্তব্য নেই: