গোদাগাড়ীতে র্যাবের অভিযানে বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার, তদন্ত চলছে
ব্যুরো প্রধানঃরাজশাহী
অপু দাস
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধার হওয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে গান পাউডার ও কাঁচের গুঁড়া, যা নাশকতামূলক কাজে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
র্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীটি নিয়মিতভাবে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায়, সিপিএসসি, র্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল রঙের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ দুটি তল্লাশি করে একটি পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ গান পাউডার এবং অন্যটিতে ভাঙা কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গান পাউডারের পরিমাণ প্রায় ১২ কেজি ৫৮০ গ্রাম এবং কাঁচের গুঁড়া প্রায় ২ কেজি ১৪০ গ্রাম বলে নিশ্চিত করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া এসব উপকরণ ককটেল বা অনুরূপ বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে। ঘটনাস্থলেই আলামত জব্দ করা হয় এবং পরবর্তীতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কোন মন্তব্য নেই: