রেডিয়েন্ট জুট মিলে লিজ বাতিলসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বিভাগীয় ব্যুরো প্রধানঃখুলনা
এস এম শাহরিয়ার
খুলনার খালিশপুরে রেডিয়েন্ট জুট মিলে বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, শ্রম আইন অনুযায়ী মজুরি নির্ধারণ এবং লিজ প্রথা বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় বিআইডিসি সড়কের পিপলস গোলচত্বরে জাতীয়তাবাদী পাট শ্রমিকদল, খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, মিলের বর্তমান লিজগ্রহীতা কর্তৃপক্ষ সামান্য ত্রুটিতেই শ্রমিকদের ছাঁটাই করছে, তাদের সঙ্গে মারমুখী আচরণ করছে এবং শ্রম আইন লঙ্ঘন করে বেতন নির্ধারণ করছে। এছাড়া ঈদ বোনাস থেকেও শ্রমিকদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করা হয়। এসব কারণে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, বিভিন্ন সময় এসব অনিয়ম ও কর্মকর্তাদের আচরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে উৎপাদন বন্ধ রেখে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন পাট শ্রমিকদলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ। শ্রমিক নেতা মনির হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। এছাড়া বক্তব্য রাখেন সৈয়দ হুমায়ুন কবির, আবুল কালাম জিয়া, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর ফরাজীসহ অন্যান্য শ্রমিক নেতারা।
সমাবেশ থেকে লিজ প্রথা বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মিল চালু, বন্ধ মিলসমূহ পুনরায় চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে মিলের অভ্যন্তরে গাছ কেটে পাচার, যন্ত্রপাতি চুরি এবং সরকারি সম্পদ লুটপাটের অভিযোগ তুলে এসব ঘটনার তদন্ত দাবি করেন শ্রমিকরা।
শ্রমিক নেতারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই: