রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

      ব্যুরো প্রধানঃরাজশাহী

অপু দাস

রাজশাহীতে সদ্য দায়িত্ব গ্রহণ করা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জনকল্যাণমূলক উদ্যোগের বাস্তবায়ন এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা, যেখানে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, প্রশাসন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে এবং জনসেবাকে আরও সহজ ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও গঠনমূলক সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সামাজিক সমস্যা নিরসন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয় গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই: