হামের দাপটে খুলনা বিভাগ, বাড়ছে ভর্তি শিশু রোগীর সংখ্যা
ব্যুরো প্রধানঃখুলনা
এস এম শাহরিয়ার
খুলনা বিভাগজুড়ে হামের উপসর্গ নিয়ে শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত প্রায় তিনশো শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায় পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে শনিবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ২৯৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০৩ জন ভর্তি রয়েছে এবং এ জেলাতেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া খুলনায় ৫৮ জন, যশোরে ৫৯ জন, বাগেরহাটে ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, ঝিনাইদহে ১৮ জন, মাগুরায় ১৭ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ১২ জন এবং সাতক্ষীরায় ১৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
শনিবার একদিনেই নতুন করে আরও ৫৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ১৩, কুষ্টিয়ায় ১২, খুলনায় ৬, যশোরে ৫, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহে ৩, মাগুরায় ৫, মেহেরপুরে ২ এবং নড়াইলে ৫ জন রয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক সৈয়েদা রুখশানা পারভীন বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশু হাঁচি-কাশির মাধ্যমে খুব সহজেই অন্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। বিশেষ করে যেসব শিশু টিকাবঞ্চিত বা অপুষ্টিতে ভুগছে, তারা বেশি ঝুঁকিতে রয়েছে।
তিনি জানান, সাধারণত সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের এই হাসপাতালে ভর্তি করা হয় না। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজস্ব ব্যবস্থাপনায় একটি আইসোলেশন সেন্টার চালু করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে দ্রুত গণটিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ৪৮ শয্যার বিপরীতে ইতোমধ্যে দুই শতাধিক শিশু বিভিন্ন রোগে চিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় অতিরিক্ত হামের রোগীর চাপ সামাল দেওয়া হাসপাতালের জন্য কঠিন হয়ে পড়ছে।

কোন মন্তব্য নেই: